প্রেমিকার ভাইয়ের ছুরিকাঘাতে প্রেমিক খুন

প্রেমিকার ভাইয়ের ছুরিকাঘাতে ময়মনসিংহের নান্দাইলে সজীব মিয়া (১৮) নামে এক যুবক খুন হয়েছেন। নিহত সজীব নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী গ্রামের কৃষক মো. নাজিম উদ্দিনের ছেলে। 

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ত্রিশাল উপজেলার চরমাদাখালী নতুন চর এলাকায় ঘটনাটি ঘটে। 

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গফরগাঁও উপজেলার চরমছলন্দ উত্তর নয়াপাড়া গ্রামের সুলতান উদ্দিনের মেয়ের সঙ্গে সজীবের প্রেমের সম্পর্ক ছিল। সোমবার বিকেলে সজীব তার বন্ধু তাওহীদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। সজীব নান্দাইল, ত্রিশাল, গফরগাঁও উপজেলার সংযোগ স্থলের একটি রাস্তায় দাঁড়িয়ে প্রেমিকার সঙ্গে দেখা করে। প্রেমিকার ভাই বিষয়টি দেখতে পেয়ে সজীবকে ছুরিকাঘাতে আহত করে। এ সময় সঙ্গে থাকা তার বন্ধু তাকে উদ্ধার করে প্রথমে বীরকামট খালী দক্ষিণ বাজারে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি ঘটলে পরিবারের সহযোগিতায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত নয়টার দিকে তার মৃত্যু হয়। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, নিহতের বাড়ি নান্দাইল হলেও যেহেতু ঘটনা ত্রিশাল তাই ত্রিশাল থানায় মামলা হবে।