ছাত্রলীগের করা মানহানির মামলায় জামিন পেলেন দৈনিক দেশ রূপান্তরের প্রকাশক মাহির আলী খাঁন রাতুল ও জ্যেষ্ঠ প্রতিবেদক পাভেল হায়দার চৌধুরী।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তা মঞ্জুর করেন।
জামিন শুনানিতে তাদের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মানিক লাল রায় ও অ্যাডভোকেট শাহিনুর ইসলাম।
প্রসঙ্গত, গত ৬ জুলাই দেশ রূপান্তর পত্রিকায় ‘ছাত্রলীগের পদ কোটি টাকা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন ৭ জুলাই দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে আইনি নোটিস পাঠানো হয়। এতে বলা হয়, প্রতিবেদনটি মিথ্যা ও বানোয়াট। নোটিসে ভুল স্বীকার করে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে বলা হয়।
এর ধারাবাহিকতায় প্রতিবেদন প্রকাশের আড়াই মাস পর ধরে ২০ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা এই মামলাটির আবেদন করেন।
এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পাভেল হায়দার চৌধুরী ও দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক মাহির আলী খাঁন রাতুলকে হাজির হতে সমন জারি করেন।