সখীপুরের অপহৃত শিশু পটুয়াখালীতে উদ্ধার, চাচা গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে শিশু ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় চাচা ফেরদৌসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে অপহরণকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উপজেলার তক্তারচালা এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত শিশু মোছা. রিমা আক্তার (৫) আক্তার চালা গ্রামের রাসেল খানের মেয়ে। 

ওই অপহরণকারীকে গতকাল বুধবার সকালে পটুয়াখালী জেলার কলাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে ওই অপহৃত শিশুকে সাভার হেমায়েতপুর থেকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, অপহরণকারী ফেরদৌস অপহৃত শিশু রিমার সৎ চাচা। সোমবার (১৭ অক্টোবর) সকালে শিশু রিমা মুদির দোকানে যাওয়ার কথা বলে আর বাড়ি না ফেরায় রিমার বাবা রাসেল খান তারই সৎ বড় ভাইকে মোবাইল ফোনে কল দেন।

অপহরণকারী বড় ভাই দুই লাখ টাকা মুক্তিপণ না দিলে মেয়ের লাশ পাবেন বলে জানান। ওই দিন সন্ধ্যায় বড় ভাইয়ের বিরুদ্ধে রাসেল খান থানায় অপহরণের অভিযোগ করেন।

থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার (১৯ অক্টোবর) সকালে অপহরণকারীকে পটুয়াখালীর কলাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যমতে ওই দিন রাতে অপহৃত শিশুকেও সাভার হেমায়েতপুর থেকে উদ্ধার করে।

সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিষ্পাপ শিশুটিকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।