অর্থ সহায়তার মামলা থেকে অব্যাহতি পেলেন শাবিপ্রবির সাবেক ৫ শিক্ষার্থী

উপাচার্যবিরোধী আন্দোলনে অর্থ সহায়তার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেন সিলেট জেলা তাঁতি লীগের সাংগঠনিক সম্পাদক মো. লায়েক আহমদ। প্রায় আট মাস পর দায়ের মামলা থেকে ওই পাঁচজন শিক্ষার্থীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার এসআই আবু খালেদ মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন আদালত-২ এ সাইফুর রহমানের আদালতে শাবির উপাচার্যবিরোধী আন্দোলনে সাবেক পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আসামিদের এ মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।

এর আগে, শাবিপ্রবিতে উপাচার্যবিরোধী আন্দোলনে অর্থ জোগানসহ আন্দোলনে সহযোগিতার অপরাধে বিশ্ববিদ্যালয়ের সাবেক পাঁচ শিক্ষার্থীকে আসামি করে গত ২৫ জানুয়ারি এসএমপির জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন সিলেট জেলা তাঁতি লীগের সাংগঠনিক সম্পাদক মো. লায়েক আহমদ।

আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ফয়সাল আহমেদ, ২০১২-১৩ সেশনের হাবিবুর রহমান, ২০০৬-০৭ সেশনের এ এফ এম নাজমুস সাকিব, আর্কিটেকচার বিভাগের ২০০৯-১০ সেশনের রেজা নূর মঈন, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী এ কে এম মারুফ হোসেন।