রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের ৩০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র অকেজো হয়ে গেছে। এতে করে দেশটি এখন চরম বিদ্যুৎ সংকটের মুখে। এর ফলে যুদ্ধ শুরুর পর গতকাল বৃহস্পতিবার থেকে প্রথমবারের মতো দেশব্যাপী বিদ্যুৎ ব্যবহার সীমিত করার ঘোষণা দিয়েছে ইউক্রেন সরকার। এ ছাড়া বিদ্যুৎ সংকটের মধ্যে মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক এবং টর্চসহ প্রয়োজনীয় সবকিছুতে চার্জ দিয়ে রাখতে ইউক্রেনীয়দের নির্দেশও দেওয়া হয়েছে। ইউক্রেনের সরকারি কর্মকর্তা এবং গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানিয়েছে, সকাল ৭টা থেকে রাত ১১টার মধ্যে দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ সীমিত করার পাশাপাশি বিধিনিষেধ জারি থাকবে। এ ছাড়া বিদ্যুতের ব্যবহার না কমালে অস্থায়ী ব্ল্যাকআউট হতে পারে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সহকারী। রাশিয়া গত কয়েক দিন ধরে ইউক্রেনের বিদ্যুৎ ও পানি সরবরাহ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে।