এবার ৭ জঙ্গির সঙ্গে গ্রেপ্তার ৩ পাহাড়ি সন্ত্রাসী

পার্বত্য অঞ্চলে যৌথ অভিযান চালিয়ে আরও সাত জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব; তাদের সঙ্গে গ্রেপ্তার হয়েছেন তিন পাহাড়ি। জঙ্গিদের সঙ্গে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নতুন যোগসূত্র স্থাপনের বিষয়টি প্রকাশ্যে আনার পর বৃহস্পতিবার (২০ অক্টোবর) এই খবর দিল র‌্যাব।

এর আগে, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার আস্তানা গাঁড়ার কথা জানানো হয়েছিল। দুই দফা অভিযানে ১২ জনকে গ্রেপ্তারও করা হয়েছিল। তৃতীয় দফায় সাতজনকে নিয়ে সংগঠনটির মোট ১৯ সদস্যকে গ্রেপ্তার করা হল বলে র‌্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, “একই সাথে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৩ জনকে গ্রেপ্তার করা হয়।”

বান্দরবান ও রাঙামাটিতে অভিযানে তারা গ্রেপ্তার হন বলে র‌্যাব জানিয়েছে। সে সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারের কথাও বলেছে র‌্যাব। তবে, গ্রেপ্তার পাহাড়িরা কোনো সংগঠনের, তা র‌্যাব স্পষ্ট করেনি। যদিও, অভিযানের শুরু থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের নামই ঘুরে-ফিরে আসছে। এই দলটি ‘বম পার্টি’ নামেও পরিচিত।