কোনো ভাষায় দক্ষতা অর্জন বলতে বোঝায় সেই ভাষায় পড়া, বলা, লেখা ও শোনার দক্ষতা। ইংরেজি ভাষায় দক্ষ হওয়ার জন্য অর্থাৎ ইংরেজি ভাষায় পড়া, বলা, লেখা ও শোনায় দক্ষতা অর্জনের জন্য কিছু কাজ নিয়মিত অনুশীলন করা-ই যথেষ্ট। জানাচ্ছেন বিপুল জামান
অনুকরণ : ইংরেজিতে কথা বলার জন্য সবচেয়ে কার্যকর কৌশল হলো যার ইংরেজি তোমার ভালো লাগে তার ইংরেজি বাচনভঙ্গি অনুকরণ করা। প্রথমে তার উচ্চারণ ভালো করে লক্ষ করো, তারপর বাসায় বসে একা একা তাকে অনুকরণ করে বলার চেষ্টা করো। প্রথমেই পারবে তা কিন্তু নয়! বারবার তোতলানো, শব্দ ভুলে যাওয়া ইত্যাদি অনেক সমস্যা হতেই থাকবে। কিন্তু ধীরে ধীরে আয়ত্ত করতে পারবে সে বিষয়ে নিশ্চিত থাকো এবং তখন তুমি নিজেই বুঝতে পারবে যে, কোন স্টাইলে কথা বলতে ‘তুমি’ সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করো।
নিজের সঙ্গে কথা : স্বতঃস্ফূর্ত বলার অভ্যাস গড়ে তোলার জন্য আয়নার সামনে নিজে নিজে অভ্যাস করো। নিজের মিষ্টি স্মৃতি, স্বপ্ন, পছন্দের বিষয় নিয়ে কথা বলো। আস্তে আস্তে আড়ষ্টতা কেটে যাবে এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়বে।
বন্ধুদের আড্ডায় ইংরেজি : দিনের বেশির ভাগ সময় কিংবা সবচেয়ে উপভোগ্য সময়টুকু তুমি বন্ধুদের সঙ্গেই কাটাও। তাই তাদের সঙ্গেই নিয়মিত ইংরেজিতে কথা বলার অভ্যাস গড়ে তোলো। এভাবে পরিচিত মুখগুলোর সঙ্গে নিয়মিত বলার চেষ্টা করলে তোমার ইংলিশ-ফোবিয়া একদম কমে যাবে। শুধু খেয়াল রাখবে দুটো বিষয়, এক. লজ্জা পাবে না, দুই. নির্ভয়ে ভুল করবে। বন্ধুদের কাছে লজ্জার কিছু নেই। আর বন্ধুরাই হতে পারে তোমার এই অনুশীলনের সর্বোচ্চ পরীক্ষক ও সহায়ক। সবচেয়ে বেশি বলতে চেষ্টা করবে ভালো ইংরেজি জানা বন্ধুটির সামনে। তাহলে তার কথা শুনে শিখতে পারবে, সেই সঙ্গে তোমার ভুলগুলো তার নজরে পড়লে সেও তোমাকে সঙ্গে সঙ্গে শুধরে দিতে পারবে।
সাব-টাইটেলসহ ইংরেজি মুভি দেখো : সাধারণ কথাগুলোকে অসাধারণভাবে বলতে চাইলে ইংরেজি মুভি দেখার বিকল্প নেই! প্রথম অবস্থায় সাব-টাইটেলসহ দেখলেও, পরবর্তী সময়ে সাব-টাইটেল ছাড়া দেখার চেষ্টা করবে। এতে করে তোমার শোনার দক্ষতাও বৃদ্ধি পাবে। মুভির বেশির ভাগ সংলাপ ‘দৈনন্দিন জীবন-সংক্রান্ত’ হওয়ায় ইংরেজি শেখার ক্ষেত্রে এগুলো তোমার জন্য দারুণ সহায় হবে। এ ছাড়া ইংরেজি খবরের চ্যানেল ও কিছু সিরিয়ালও নিয়মিত দেখলে উপকার পাবে।
নিজের কথা রেকর্ড করো : তোমার মস্তিষ্ক ঠিকই জানে কোন পরিস্থিতি এবং ভাব অনুযায়ী কথার টোন ও উচ্চারণ কেমন হওয়া চাই। তবে বাস্তবে বলার সময় আসলেই তেমন হচ্ছে কি না, তা পরখ করতে স্মার্টফোনই হতে পারে তোমার সহায়। ইংরেজি একটি বই/পত্রিকা নাও, সেটি পড়ো, রেকর্ড করো এবং নিজেই যাচাই করো তোমার উচ্চারণ এবং টোন। প্রয়োজনে রেকর্ডিংটি একজন বন্ধুকে শুনিয়ে নাও এবং জেনে নাও ভুলগুলো।
হাত খুলে লেখো : লেখার দক্ষতা বাড়াতে বেশি বেশি লেখার কোনো বিকল্প নেই। তাই হাত খুলে লিখতে থাকো। শব্দভান্ডার বাড়ানোর চেষ্টা করো। ইংরেজি ব্যাকরণ, প্রবাদ-প্রবচনের ভান্ডর বাড়াতে থাকো। এগুলোর যথাযথ ব্যবহার তোমার লেখাকে করে তুলবে আকর্ষণীয়।