২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারে চলবে ফুটবল বিশ্বকাপ। এর মধ্যেই বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসবে ভারতীয় ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ভারত ঢাকায় আসবে ১ ডিসেম্বর।
সফরটি শুরু হবে ওয়ানডে দিয়ে। ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, শুরু হবে ১৪ ডিসেম্বর। শেষ টেস্ট মিরপুরে ২২ ডিসেম্বর শুরু হবে।
২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ভারত। দীর্ঘ অপেক্ষার পর ঘরের মাঠে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে বহুল প্রতীক্ষিত এ সিরিজের ব্যাপারে বলেছেন, ‘আমি সিরিজটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অভিনন্দন জানাই। বাংলাদেশ-ভারত প্রতিযোগিতা দুই দেশের সমর্থকদের মধ্যে তুমুল আগ্রহ জাগায়। আমরা জানি, বাংলাদেশি সমর্থকরা কতটা আবেগপ্রবণ। আশা করি, দুই দলের সাদা ও লাল বলের খেলায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।’