রাজনৈতিক কর্মসূচিতে সংঘাতের শঙ্কায় পুলিশকে সতর্ক থাকতে হবে। সামনের দিনগুলোতে রাজনৈতিক কর্মসূচিতে সংঘাত বাড়াতে কিছু মানুষ কাজ করবে, তাদের বিষয়েও সতর্ক থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম।
সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
শফিকুল ইসলাম বলেন, দেশের থানাগুলোতে নিখোঁজের কোনো সাধারণ ডায়েরি (জিডি) হলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। জঙ্গিবাদ হঠাৎ যাতে মাথাচাড়া দিয়ে কোনো ঘটনা ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদারের সঞ্চালনায় অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, মো. মুনিবুর রহমান, মো. আসাদুজ্জামান, সৈয়দ নুরুল ইসলাম ও মোহাম্মদ হারুন অর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।