শৃঙ্খলা ভঙ্গে শেকৃবির ৩ ছাত্র স্থায়ী বহিষ্কার

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন শিক্ষার্থীকে স্থায়ীভাবে ও এক শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

শিক্ষকের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ফেইসবুক স্টোরিতে শিক্ষককে নিয়ে আপত্তিকর ছবি দেওয়ার অভিযোগে এই শাস্তি দেওয়া হয়। এছাড়াও মাদকসংশ্নিষ্টতার কারণে এক শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দেওয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত নোটিসে এ তথ্য জানানো হয়।

স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন মৃত্তিকাবিজ্ঞান বিভাগের ¯œাতকোত্তর শ্রেণির (এমএস) সাগর দাস ও মো. রায়হান আলী, কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের এমএসের শিক্ষার্থী মো. শাকিলুজ্জামান। তারা আপিলের সুযোগ পাবেন বলে জানা গেছে।

এ ছাড়া কৃষি অনুষদের লেভেল-২ সেমিস্টার-১-এর শিক্ষার্থী তন্ময় সরকারকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়।