প্রথমবারের মতো হচ্ছে মেয়েদের কারাতে প্রতিযোগিতা। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে এই আয়োজনে বেশ ভালোভাবেই থাকছে রূপায়ণ গ্রুপ। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার পৃষ্ঠপোষকতায় বেশ বড় পরিসরে হবে এই আয়োজন।
সারা দেশের বিভিন্ন জেলার অনূর্ধ্ব-১৫ কিশোরীদের নিয়ে হবে এই আসর। আজ থেকে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুদিনব্যাপী এই আসরের নাম দেওয়া হয়েছে রুপায়ণ সিটি শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ আন্তঃজেলা নারী কারাতে প্রতিযোগিতা।
জাতীয় ক্রীড়া পরিষদে টুর্নামেন্ট উদ্বোধন ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজা করিম নেলী। এমন আয়োজনে সহযোগিতা করায় রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে অনুষ্ঠানে রূপায়ণ সিটি উত্তরার জিএম ও হেড অব মার্কেটিং গোস্বামী অসীম রঞ্জনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আসরের পুরস্কার বিতরণী হবে দ্বিতীয় দিন।
শনিবার বিকেল ৪টায় রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যার মাহির আলী খান রাতুল পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন।
প্রতিযোগিতায় মোট ছয়টি ইভেন্টে দেশের ১৯টি জেলার ১৫২ জন কারাতেকা অংশ নেবেন। ইভেন্টগুলো হলো একক কাতা ও দলীয় কাতা এবং ৪০, ৪৭, ৫৪ ও ঊর্ধ্ব-৫৪ কেজি কুমি। প্রতিটি ক্যাটাগরিতে ১টি স্বর্ণ, ১ রৌপ্য ও ২টি তাম্র পদক থাকছে। এছাড়া দলগত চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফিও থাকবে।
এই আসর থেকে উঠে আসা সেরা কারাতেকাদের ২০২৪ এশিয়ান গেমসের জন্য তৈরি করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। এছাড়া কারাতেতে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পর নারী ক্রিকেট হয় এমন ১৯টি জেলায় ট্যালেন্ট হান্টের ঘোষণা দেয় মহিলা ক্রীড়া সংস্থা।
অনুষ্ঠানে এমন উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে আনন্দ প্রকাশ করা গোস্বামী অসীম রঞ্জন বলেন, ‘ক্রীড়াঙ্গনে নারীদের সাফল্যের এই সময়ে নারীদের একটি প্রতিযোগিতায় পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হতে পেরে আমরা গর্বিত বোধ করছি। রূপায়ণ সিটি বিশ্বাস করে সাফজয়ী নারী ফুটবল দলের মতো এই প্রতিযোগিতা থেকেও উঠে আসবে ভবিষ্যতের আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণ জেতার মতো নারী কারাতে খেলোয়াড়। শুধু খেলাধুলাতেই না, তারা নিজেদের সুরক্ষিতও রাখতে পারবে। আর রূপায়ণ সিটি সমাজের উন্নয়নে যে কোনো উদ্যোগে পাশে থাকার আশা প্রকাশ করছে।’