ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে সেলিম তালুকদার (৪২) নামের এক রিকশা চালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় আহত অবস্থায় আরও দুই জনকে উদ্ধার করে হাসাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সেলিম তালুকদার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আড়ালিয়া বোরাখুই এলাকার কাদের তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় আহতরা হলেন- শরীফ তালুকদার ও শাহিন তালুকদার।
নিহতের ভাতিজা মো. মালেক জানান, দীর্ঘদিন ধরে তার চাচা সেলিম তালুকদারের জমি নিয়ে প্রতিপক্ষ সাত্তারের সঙ্গে বিরোধ চলছিলো। শুক্রবার সকালে চাচা সেই জিমিতে গেলে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে সাত্তার ও তার ছেলে জাহিদ, দ্বীন ইসলাম দেশীয় অস্ত্র ও চাপাতির পেছন দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় সেলিম। এসময় তাকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় শরীফ ও শাহিন নামে আরও দুইজন আহত হয়।
পরে স্থানীয়রা সেলিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত বাকি দুই জনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার পরিদর্শক (ওসি) নির্মল কুমার বলেন, ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় প্রতিপক্ষের হামলায় একজন মারা গেছেন এবং আরও দুই জন আহত হয়েছে। ভুক্তভোগী ও অভিযুক্তরা আত্মীয়।
বিষয়টি নিয়ে এখনও কাউকে আটক করা হয়নি। এঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।