ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় হকার্স মার্কেটে আগুনে চারটি দোকান পুড়ে গেছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবরে পেয়ে ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। প্রাথমিকভাবে দুই কোটির টাকার ক্ষতির হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
জানা যায়, হকার্স মার্কেটের মেশিনারিজ গলির পাশে মোহসিন টেইলার্স থেকে সকাল পৌনে ৯টায় আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে লাকী মেশিনারিজ, আনোয়ার মেশিনারিজ, বুলবুল শো’ ও মোহসিন টেইলার্স দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
লাকী মেশিনারিজের মালিক তসাদ্দেক আহমেদ সাদেক জানান, আগুনে তার দোকানের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তিনি আরও জানান, এর আগেও কয়েকবার এই মার্কেটে আগুন লেগেছে। তবে এবার তার দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।
বুলবুল শো এর মালিক খাইরুল ইসলাম জানান, পাশের দোকনের আগুন থেকে আমার জুতার দোকান এবং উপরে গোডাউনে থাকা সকল জুতা পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগেও আগুনে আমার দোকান পুড়েছিল, এবার আগুনে আমি একবারে পথে বসে গেলাম।
প্রত্যক্ষদর্শী মার্কেটের পাহারাদার হেলাল উদ্দিন জানান, পৌনে ৯টার দিকে মার্কেটের মোহসিন টেইলার্স থেকে প্রথমে ধোঁয়া উঠতে থাকে। হাতের কাছে থাকা পানি দিয়ে নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে এক ঘণ্টার চেষ্টা আগুন নেভাতে সক্ষম হয়।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, আগুন লাগার খবর শুনে আশপাশের এলাকার কয়েকশ মানুষ ঘটনাস্থলে ভিড় করে। তবে পুলিশ ঘটনাস্থলে এসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে। এতে দ্রুততার সঙ্গে আগুন নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মতিয়ার রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। কিন্তু আগুনের ব্যাপকতা ছিল অনেক বেশি। সেজন্য আশপাশের ইউনিটকে খবর দেই। ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সঠিক করে এখনই কিছু বলা যাবে না।