জাতীয় নিরাপদ সড়ক দিবসে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় সড়কে চলাচলকারী যেসব যানবাহনের চালক আইন মেনে পরিবহন চালাচ্ছেন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা, টঙ্গীসহ বিভিন্ন স্থানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। চলতি বছর দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ট্রাফিক মো. আলমগীর হোসেন বলেন, ট্রাফিক আইন মান্যকারীদের ফুল দিয়ে যেমন শুভেচ্ছা জানানো হচ্ছে পাশাপাশি সকলকে সচেতন করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। সড়কে পরিবহন চালক এবং সাধারণ মানুষ ট্রাফিক আইন মেনে চললে যানজট যেমন কমে আসবে তেমনি সড়কে দুর্ঘটনার হারও কমে আসবে।
চান্দনা চৌরাস্তা এলাকায় মোটরসাইকেল চালক সজিব হোসেন বলেন, সড়কে চলাচলের সময় টাফিক আইন মেনে চলাচলের চেষ্টা করি। সড়কে শৃঙ্খলা ফিরাতে এবং দুর্ঘটনার হাত থেকে বাঁচতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলা উচিত। ট্রাফিক পুলিশের এ উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার।
প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম বলেন, ট্রাফিক আইন অমান্য করলে যেমন জরিমানা করা হয়। আর আইন মেনে চললে ফুলের শুভেচ্ছা পাওয়া যায়। এটি একটি দৃষ্টান্ত। আইন মানতে সবাইকে সচেতন করতে এটি একটি ভালো উদ্যোগ।