বিএনপি বর্তমানে বিভিন্ন স্থানে আতংক, গণ্ডগোল করছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে উন্নয়ন হবে না, দেশে অশান্তি শুরু হবে এটাই চায় তারা। বিএনপি হানাহানি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
বিএনপি বর্তমানে হানাহানি করে ক্ষমতায় আসতে চায় উল্লেখ করে তাদেরকে নির্বাচনে আসার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।তিনি বলেন, ভোটের মাঠে আসুন। দেখা যাবে কার কত শক্তি আছে। নির্বাচনের মাঠে আওয়ামী লীগের সাথে আপনারা পাত্তাও পাবেন না।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলেই আওয়ামী লীগের উন্নয়ন কাজ বন্ধ করে দেয়। তার বড় প্রমাণ কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। সামনে নির্বচানেও ক্ষমতায় আসলে সকল উন্নয়ন বন্ধ করে দেবে। তারা পদ্মা সেতু বন্ধের পাঁয়তারা করেছিল। কোনো লাভ নেই। শেখ হাসিনা সব ষড়যন্ত্র রুখে দিয়ে পদ্মা সেতু উব্দোধন করেছেন।
জাহিদ মালেক বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই উন্নয়ন হয়। মানিকগঞ্জের প্রতিটি রাস্তা ঘাট এখন পাকা। এমন কোনো বিভাগ নেই যেখানে উন্নয়ন হয়নি। ঢাকার দিকে তাকান, মেট্রোরেল, ফ্লাইওভারসহ সব বিভাগেই উন্নয়ন হচ্ছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
স্বাস্থমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, যখন আমরা মানুষের জন্য ভ্যাকসিন আনলাম। তখন বিএনপি বলছিল গঙ্গার পানি নিয়ে এসেছি। ভ্যাকসিন নিলে মানুষের ক্ষতি হয়ে যাবে। আবার তারাই প্রথম ভ্যাকসিন নিয়েছিল।
এ সময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সিনিয়র সহ সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনসহ আরও অনেকেই।