অরুণাচলে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫

বিতর্কিত চীন সীমান্তের কাছে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ভারতীয় সামরিক বাহিনীর পাঁচ সেনা নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণহানির এ ঘটনা ঘটেছে বলে গতকাল শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এ নিয়ে চলতি মাসে ওই অঞ্চলে ভারতীয় সামরিক বাহিনীর অন্তত দুটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটল। ভারতের অরুণাচল প্রদেশকে চীনা ভূখণ্ড থেকে বিভক্তকারী প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছের প্রত্যন্ত শহর টুটিংয়ের দক্ষিণে ভারতীয় সামরিক বাহিনীর ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলার রুমের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন হেলিকপ্টারের পাইলট। প্রযুক্তিগত বা যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।