গুলিস্তানে হকারের মারধরের শিকার কবি নজরুল কলেজ শিক্ষার্থী

রাজধানীর গুলিস্তান এলাকায় হকারদের মারধরের শিকার হয়েছেন কবি নজরুল সরকারি কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাওন বিশ্বাস রিপন। শনিবার (২২ অক্টোবর) রাত ৯টায় গুলিস্তান পাতাল মার্কেটের ৪ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, আমি মোজা কিনতে ওখানে গিয়েছিলাম। এ সময় দোকানদার আমার কাছে মোজার দাম ৬০ টাকা চায়। আমি ৩০ টাকা বলার পর সে দিতে রাজি হচ্ছিল না। পরবর্তীতে আমি চলে আসার সময় আমাকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলে না কিনলে দামাদামি করতে আসছিলি কেন! একপর্যায়ে ওই হকার আমার নাকের ওপর ঘুষি দিয়ে রাস্তায় ফেলে দেয়। এতে নাক ফেটে রক্ত বের হয়। নাকে ঘুষি দিয়েই ওই হকার পালিয়ে যায়। উপস্থিত কয়েকজন আমাকে নিয়ে পাশের একটা ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

জানা যায়, প্রাথমিক চিকিৎসা শেষে শাওনের বন্ধুরা এসে তাকে নিয়ে পল্টন থানার অন্তর্গত গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে অভিযোগ জানালে ডিউটিরত পুলিশরা ঘটনাস্থলে গিয়ে ওই হকারকে খোঁজাখুঁজি করে। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের ইনচার্জ এসআই ওবায়েদুর রহমানের আশ্বাসে শিক্ষার্থীরা থানা ত্যাগ করেন। 

এসআই ওবায়েদুর রহমান বলেন, শাওনের বন্ধুরা আমার কাছে আসার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীকে পাঠিয়েছি। কিন্তু ওই হকারকে পাওয়া যায়নি। আমরা এই বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। অতি শিগগিরই দোষীকে খুঁজে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এবিএসএ সাদী মোহাম্মদ আইনি ব্যবস্থার নেওয়ার কথা জানান। তিনি আহত শিক্ষার্থীর খোঁজ খবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন। 

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার কবি নজরুল কলেজের মূল ফটকে মানববন্ধনের ডাক দিয়েছেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা।