ফেনীতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ডাকবাংলোর কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনীর ফুলগাজীর আব্দুল খালেকের ছেলে আবদুল মুনাফ, নোয়াখালীর সুধারাম থানা এলাকার মৃত ইসমাইলের ছেলে আবু তাহের, চাঁদপুর জেলার মৃত জয়নালের ছেলে ইকবাল হোসেন, চট্টগ্রাম হাটহাজারীর মো. আকবরের ছেলে মো. মামুন, চট্টগ্রামের পাহাড়তলির চান মিয়ার ছেলে আলমগীর, চট্টগ্রামের হালিশহরের ইসমাইল হোসেনের ছেলে জুয়েল হোসেন, হাতিয়ার বুড়িচর লালু মিয়ার ছেলে জয়নাল, বরিশালের পাহারহাট থানার জামাল খানের ছেলে মো. সুজন খান।

পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি চলছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সোনাগাজী উপজেলার ডাকবাংলো কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে অস্ত্রসহ আটজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, ছয়টি কার্তুজ, একটি রামদা, দুটি কিরিচ, তিনটি লোহার রড, একটি আধুনিক ছোরা, একটি প্লাস ও তিনটি টর্চলাইট উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় কয়েকজন ডাকাত অভিযানকালে পালিয়ে যায় বলে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে। এ ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।