অদম্য শিক্ষা উদ্যোক্তা ও শিক্ষকদের সম্মাননা জানালো ইভেন্স গ্রুপ-এডুকেশন ওয়াচ

হার না মানা এক প্রতিবন্ধী শিক্ষক রুবেল হোসেন, দুর্ঘটনায় এক পা ও এক হাত হারানো স্কুল প্রতিষ্ঠাতা নূর মোস্তফাকে (বুলু মাস্টার) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করল ইভেন্স গ্রুপ ও এডুকেশন ওয়াচ। মরণোত্তর সম্মাননা দেয়া হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মুহম্মদ সিরাজুল ইসলামকে। এছাড়াও ব্রেইল প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা নাজিয়া জাবীনসহ ঢাকার সাতটি কলেজ, ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচিত ৮ জন শিক্ষক, শিক্ষার্থী মনোনীত ১০ জন সেরা শিক্ষককেও সম্মাননা জানানো হয়।

১৭ অক্টোবর বিকেল চারটায় ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক ৭১ মিলনায়তনে শিক্ষা ও এ সময়ের শিক্ষকেরা আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইভেন্স গ্রুপের উপ- ব্যবস্থাপনা পরিচালক শবনম শেহনাজ চৌধুরী।

নিবন্ধ উপস্থাপন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান রফিকুজ্জামান রুমান।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান বলেন, বাংলাদেশ অন্যান্য ক্ষেত্রের মতো শিক্ষাক্ষেত্রেও এগিয়েছে। যে দেশ এতো ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যুদ্ধ করে জয়ী হতে পারে, সে দেশ কখনও পিছিয়ে পড়তে পারে না।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুণগত মানের পাশাপাশি নৈতিক মূল্যবোধ চর্চার প্রতি গুরুত্ব আরোপ করেন।

এতে আরও বক্তব্য রাখেন মো. এডুকেশন ওয়াচ-এর সম্পাদক খলিলুর রহমান, ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব মো. শাহজাহান আলম সাজু, ইউসিসি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র সদস্য এম এ হালিম পাটওয়ারী, ব্রেইল প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা নাজিয়া জাবীন প্রমূখ।

এডুকেশন ওয়াচ বিশ্ব শিক্ষক দিবস ২০২২ অক্টোবর সংখ্যার প্রচ্ছদ উম্মোচন করেন অতিথিবৃন্দ। এ আয়োজনে আমার সেরা শিক্ষক ও কেমন শিক্ষক চাই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদেরও মেডেল ও সনদ প্রদান করা হয়।