এডিটরস গিল্ডের গোলটেবিল

ডিজিটাল নিরাপত্তা আইন আন্তর্জাতিক সনদের সঙ্গে সাংঘর্ষিক

আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেছেন, ‘বাংলাদেশ স্বাক্ষরিত মানবাধিকারের আন্তর্জাতিক সনদগুলোর সঙ্গে প্রচলিত ডিজিটাল নিরাপত্তা আইন সাংঘর্ষিক। এই আইনে কোনো পূর্বানুমতি ছাড়া এবং আত্মপক্ষের সুযোগ না দিয়ে যে কাউকে গ্রেপ্তার করা যায়। এমনকি আইনের বেশির ভাগ ধারাই জামিন অযোগ্য, যা একজন ব্যক্তির মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। এ আইন ভিন্নমত দমনে সরকারের কাজে লেগেছে কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।’

গত শনিবার রাজধানীর বনানীর ঢাকা আর্ট গ্যালারিতে এডিটরস গিল্ড বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন বিতর্ক’বিষয়ক গোলটেবিল বৈঠকে ফারুখ ফয়সল এ মন্তব্য করেন। এডিটরস গিল্ডের সভাপতি ও একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর সঞ্চালনায় বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ সরকার বন্ধ করার চেষ্টা করছে এবং ভবিষ্যতেও করবে।

গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন এডিটরস গিল্ডের যুগ্ম সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, মানবাধিকারকর্মী আইনজীবী জেড আই খান পান্না প্রমুখ।