ঠাকুরগাঁওয়ে নাইট কোচের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের জগন্নাথপুর নামক স্থানে নাইট কোচের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

তার নাম মিহির রায় (১৪)। এ সময় আহত হয়েছে তার বাবা ও বোন। রবিবার দিবাগত রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন বলেন, শহরে একটি কোচিং সেন্টারে পড়া শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে বাবার মোটরসাইকেলে ওঠে মিহির রায় ও মেয়ে প্রকৃতি রায়। 

এ সময় জগন্নাথপুরের ট্রাক টার্মিনালের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি বাস পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনজনই গুরুতর আহত হন। 

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করার  পরপরই মিহির রায় মারা যায়। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসাধীন আছেন। 

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।