ফরিদপুরের মধুখালী উপজেলায় ১৫ বছরের এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুয়া পুলিশ পরিচয়দানকারী আলী হোসেন ওরফে রাকিব শেখ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফরিদপুরের সহকারী পুলিশ (মধুখালী সার্কেল) সুমন কর এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুয়া পুলিশ পরিচয়দানকারী ওই যুবক মধুখালী উপজেলার দক্ষিণ নওপাড়া এলাকার মো. ছলিমুদ্দিন ওরফে পাখির ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার বাগাট বাজার এলাকা থেকে রাকিব শেখ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, রাকিব শেখ পুলিশের ভুয়া একটি আইডি কার্ড তৈরি করে তা দেখিয়ে এক তরুণীকে অপরহরণ করেন। মধুখালীর একটি ভাড়া বাড়িতে রেখে ইচ্ছার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ধর্ষণ করে ওই তরুণীকে। পরে মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগী ওই তরুণীর পরিবার। অভিযোগের ভিত্তিতে রাকিব শেখকে গ্রেপ্তার করা হয়।