বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কর্তৃপক্ষ।
দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সোমবার (২৪ অক্টোবর) বেলা ২টার পর থেকে সকল ডিসিপ্লিনের ক্লাস এবং অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগামীকাল ২৫ অক্টোবর (মঙ্গলবার) ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে অফিস যথারীতি খোলা থাকবে। তবে জরুরি পরিসেবাসমূহ (যেমন: বিদ্যুৎ, পানি সরবরাহ, অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম) চালু থাকবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থানকারী সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে।
দুর্যোগকালীন সহযোগিতা ও বিশেষ প্রয়োজনে সিকিউরিটি হটলাইন (০১৭৯৯-২১৩৯৩৯) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় নিরাপত্তার দিকে জোর দেওয়া হয়েছে। আমাদের মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে।