শক্তি ছাড়া শান্তি অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সীমান্ত অঞ্চল কারগিলে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেছেন তিনি। যদিও অনুষ্ঠানে মোদি বলেন, ‘আমরা সবসময় যুদ্ধকে শেষ বিকল্প হিসেবে বিবেচনা করি। যে যুদ্ধই হোক না কেন, শেষ পর্যন্ত তা ঠেকানোর জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়। কারণ আমরা বিশ্বশান্তির পক্ষে।’ ভারতের সামরিক বাহিনীর সৈন্যদের নিজ পরিবার হিসেবে দেখেন জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের মধ্যেই আমার দীপাবলির মাধুর্য এবং ঔজ্জ্বল্য।’ মোদি বলেন, ‘দ্রাস, বাটালিক ও টাইগার হিল সৈন্যদের অসামান্য সাহসিকতা সাক্ষী হয়ে আছে।’ আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অর্জন তুলে ধরে তিনি বলেন, ‘ভারত এখন বিশ্বজুড়ে সম্মানিত। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় দীপাবলি উদযাপন করছেন নরেন্দ্র মোদি।