বাঁচা-মরার লড়াই জুভেন্তাসের। হারলেই বাদ, জিতলে এইচ গ্রুপ থেকে টিকে থাকবে চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন। বেনফিকার মাঠে যে স্বপ্ন ধরে রাখা তুরিনের বুড়িদের জন্য খুব কঠিন। ওদিকে একই গ্রুপের ম্যাচে আজ পিএসজি ঘরের মাঠে খেলবে মাকাবি হাইফার বিপক্ষে।
গ্রুপে সমান ৮ পয়েন্ট পিএসজি ও বেনফিকার। মুখোমুখি লড়াইয়েও দুদলের ফলাফল সমান। জুভেন্তাস ও হাইফার পয়েন্টও সমান ৩ করে। আজ বেনফিকার সঙ্গে হারলে কোনো হিসাবেই পরের রাউন্ডে যাওয়া সম্ভব নয় জুভেন্তাসের। ঘরের মাঠে বেনফিকার সঙ্গে ২-১ গোলে হেরেছিল ইতালির ক্লাবটি। জুভেন্তাস দলটি সবশেষ চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ২০১৩-১৪ তে। সেবার গ্রুপে ছয় ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছিল তারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গ্যালাতাসারের কাছে হেরে বিদায় নিয়েছিল তুরিনের দলটি। গ্যালাতাসারে এক পয়েন্টের ব্যবধানে উঠেছিল দ্বিতীয় পর্বে।
যদি পিএসজি নিজেদের ম্যাচটা জেতে এবং জুভেন্তাস হারে তবে মেসিরা শীর্ষে উঠবে। পিএসজি সবশেষ লিগ ম্যাচে তিন গোলের জয় পেয়েছে। যার দুটি গোল করে এমবাপে, একটি মেসি। এমবাপের গোল দুটির অ্যাসিস্টও ছিল মেসিরও। চ্যাম্পিয়নস লিগে আগের ম্যাচে বেনফিকার সঙ্গে খেলেননি মেসি। ছিলেন ইনজুরিতে। এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন শেষ লিগ ম্যাচে না থাকা নেইমার। হাইফার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে গোল পেয়েছিলেন মেসি, নেইমার ও এমবাপে।