ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সারা দেশের ৪১৯টি ইউনিয়নের প্রায় ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, সাত হাজার আশ্রয়কেন্দ্রে উপকূলের প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছিলো। ঘূর্ণিঝড়ের কারণে ৬ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ঘূর্ণিঝড় শেষে মধ্যরাত থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। সকালের মধ্যে সবাই আশ্রয়কেন্দ্র ত্যাগ করেছেন।
তিনি জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে এবং দেয়াল ধসে ৯ জনের মৃত্যৃ হয়েছে।
তবে, সারাদেশ থেকে দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ৯ জেলায় অন্তত ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।