বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনে দুদকের করা মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আবদুর রেজাক খান ও আইনজীবী সগীর হোসেন লিয়ন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
এর আগে সোমবার শুনানি শেষে আদেশের জন্য আজ মঙ্গলবার দিন ঠিক করেছিলেন আপিল বিভাগ।
অ্যাডভোকেট খুরশীদ আলম খান জানান, ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকা তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. শফিউল আলম ২০০৭ সালের ১৬ আগস্ট রমনা থানায় মামলাটি দায়ের করেন।
২০১৮ সালের ১১ নভেম্বর হাইকোর্ট বিভাগ মামলা বাতিলের আবেদন খারিজ করে দেয়। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত ৬ এ সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।