বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হতাহত ৮

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। 

বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বাস হেলপারের নাম বাবু মিয়া। আহতরা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

খোঁজ নিয়ে জানা যায়, নাটোর-বগুড়া মহাসড়কে বেলা ১১টায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল এসে চলন্তবাসে ধাক্কা লাগে। এসময় রাজশাহীগামী সিয়াম পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সহকারী বাবু মিয়ার মৃত্যু হয়। আহত হয়েছেন ৬-৭ জন। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম।

তিনি জানান, মরদেহ কুন্দরহার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে।