লিওনেল মেসি জোড়া গোল করলেন, করালেনও; সতীর্থ কিলিয়ান এমবাপেও করলেন তা-ই, নেইমারও নাম লেখালেন গোলের খাতায়। এই ত্রয়ীর সম্মিলিত চেষ্টায় চ্যাম্পিয়নস লিগে ইসরায়েলি ক্লাব মাকাবি হাইফাকে নিয়ে যেন রীতিমতো ছেলেখেলাই করল পিএসজি! ৭-২ গোলের বিশাল জয়ে শেষ ষোলও নিশ্চিত করে ফেলেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।
ওদিকে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে জুভেন্তাসকে হারিয়ে এই গ্রুপ থেকে বেনফিকাও নিশ্চিত করেছে শেষ ষোলো। সিটিতে পাড়ি জমানোর পর প্রথমবারের মতো আর্লিং হালান্ড পা রেখেছিলেন সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মাটিতে। তবে এই প্রত্যাবর্তনটা গোল দিয়ে রাঙাতে পারেননি তিনি, পারেনি তার দল সিটিও। এবারের চ্যাম্পিয়নস লিগে নিজেদের পঞ্চম লড়াইয়ে গোলশূন্য ড্র করে ফিরেছে দলটি।
সিটি তাও জার্মান মুল্লুক থেকে একটা পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে, তবে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ তাও পারেনি। আরবি লাইপজিগের কাছে ৩-২ গোলে হেরেই বসেছে কার্লো আনচেলত্তির দল!