তামিলনাড়ু একাদশের বিপক্ষে একাই লড়ে গেলেন মোহাম্মদ মিঠুন। আগের দিনের ৫ উইকেটে ২৩০ রানের সঙ্গে আরও ১১৯ রান যোগ করে অলআউট হয়েছে বিসিবি একাদশ। এর ভেতর মিঠুনের একারই ছিল ৮২ রান। সঙ্গী না পাওয়ায় নিজে ১৫৬ রানে থাকা অবস্থায় ৯ উইকেটে ৩৪৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করেন তিনি। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে তামিলনাড়ুর সংগ্রহ ৭ উইকেটে ৮২ রান, তারা পিছিয়ে আছে ২৬৭ রানে।
আগের দিনের সঙ্গী জাকের আলি অনিক আউট হয়ে যান দ্রুতই, মাত্র ১৫ রান করে তিনি ফেরেন সাজঘরে। এরপর অন্য প্রান্তে আসা-যাওয়ার নিয়মিত সঙ্গী বদল হলেও রান করে গেছেন মিঠুন। টেল এন্ডাররা লম্বা সময় তাকে সমর্থন দিয়ে গেছেন, যদিও রান এসেছে মিঠুনের প্রান্ত থেকেই। তাইজুল ৫১ বলে ৮, নাঈম ২৫ বলে ১ আর রেজাউর রহমান রাজা ৩৫ বলে ৮ রান করেন। তাদের সমর্থনেই শতরানের পর আরও পঞ্চাশ পূরণ করেছেন মিঠুন।