সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধে বেশি ক্ষতিগ্রস্ত তৃতীয় বিশ্বের দেশগুলো

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে খারাপ অবস্থা চলছে। শক্তিশালী দেশগুলো যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, এতে তাদের তেমন কোনো ক্ষতি হয়নি। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘জাতিসংঘের আঙিনায় শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা বাংলাদেশকে বিপদে ফেলছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে জাতিসংঘের সঙ্গে কোনো আলাপ না করেই স্যাংশন বসান হলো। জাতিসংঘকে উপেক্ষা করে কোনো কোনো দেশ নিজেরাই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে। যুদ্ধ থামাতে জাতিসংঘ ব্যর্থ।

এদিকে গতকাল কিছু মিডিয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে ভুলভাবে উদ্ধৃত করে সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রাতে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেইসবুক পেজে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে বক্তব্য দেন। এরপর কিছু কিছু মিডিয়া ও টেলিভিশন চ্যানেল তাকে ভুলভাবে উদ্ধৃত করে সংবাদ প্রচার করে। এগুলোর মধ্যে ‘যুদ্ধ ছাড়া আমেরিকার অর্থনীতি চলবে না’, ‘ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে তাইওয়ানে যাবে আমেরিকা’, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধপ্রিয় দেশ, যুদ্ধ ছাড়া দেশটির অর্থনীতি সচল থাকে না’, ‘যুদ্ধেই সচল থাকে যুদ্ধপ্রিয় আমেরিকার অর্থনীতি’, ‘যুদ্ধ পরিস্থিতি তৈরি করাই হলো যুক্তরাষ্ট্রের মূল কাজ’ এ ধরনের সংবাদ শিরোনাম দিয়ে সংবাদ প্রচারের মাধ্যমে যুক্তরাষ্ট্র সম্পর্কে জনসাধারণ এবং বাংলাদেশের বন্ধুরাষ্ট্রের কাছে বিভ্রান্তিকর বার্তা দেওয়া হয়েছে; যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাক্সিক্ষত।”