কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে ক্যাম্প-১৭ এর সি ব্লকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ক্যাম্প ১৭ এর সি ব্লকের বাসিন্দা কেফায়েত উল্লার ছেলে আয়াত উল্লাহ (৪০) ও একই ক্যাম্পের মোহাম্মদ কাসিমের ছেলে মোহাম্মদ ইয়াছিন (৩০)।
এসব তথ্য নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এআইজি চৌধুরী হারুনুর রশিদ।
তিনি জানান, ভোররাতে ক্যাম্প ১৭ এর সি-ব্লকের এইচ/৭৬ এ দুজন রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় ঘটনাস্থলেই মারা যায় ইয়াছিন। গুরুতর আহত অবস্থায় আয়াত উল্লাহকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তবে এখনো ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বুধবার ভোরেও পৃথক ঘটনায় দুইজনকে গুলি করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ ঘটনায় গুলিবৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে একজন। অপরজন আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে একের পর এক হত্যাকাণ্ডের কারণে ক্যাম্প জুড়ে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ রোহিঙ্গারা বলছে, একটা হত্যাকেণ্ডের ঘটনা ঘটলে তার বদলা হিসেবে দুটি করে হত্যার ঘটনা ঘটছে রোহিঙ্গা ক্যাম্পে। এ কারণে হত্যাকেণ্ড ও গোলাগুলি বন্ধ হচ্ছে না।