টাঙ্গাইলের কালিহাতীতে নদীতে গোসল করতে নেমে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার পৌলি নদীতে পৌলি ঘোষপাড়া শ্মশান ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত ওই স্কুলছাত্র ভারতের জলপাইকুড়ি জেলার ফাটাকাটা গ্রামের প্রকাশ ঘোষের একমাত্র ছেলে দিপ (১৪)।
তিনি মায়ের সাথে বৃহস্পতিবার ভোরে উপজেলার পৌলি গ্রামে নানা যতিন ঘোষের বাড়িতে নানির শ্রাদ্ধের দাওয়াত খেতে আসেন।
স্থানীয়রা জানান, দিপ দীর্ঘ পনের বছর পর মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসে সমবয়সী ছেলেদের সাথে পৌলি নদীতে গোসলে নামে।
একপর্যায়ে দিপ বাংলা ড্রেজার দিয়ে মাটি কাটার খাদে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পেয়ে দায়িত্বরত ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট উদ্ধার তৎপরতা চালিয়ে দিপকে উদ্ধার করে।
স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ডিফেন্সের ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ দিপকে উদ্ধার করি। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।