প্রশ্ন দিয়ে ছাত্রীকে কুপ্রস্তাব

সেই শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

নেত্রকোনায় পরীক্ষার আগে গণিত বিষয়ের প্রশ্নপত্র দিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া সেই প্রধান শিক্ষক সোহেল মিয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মদন উপজেলার মাঘান ইউনিয়নের জয়বাংলা বাজারে চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমির মাঠে বিক্ষোভ এবং পরে বিদ্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন করেন অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ছাত্র-ছাত্রীদের স্কুলে পাঠাই শিক্ষকদের কাছ থেকে ভালো কিছু শিক্ষা নেওয়ার জন্য। শিক্ষক যদি ছাত্রীদের কুপ্রস্তাব দেয় ছাত্র-ছাত্রীরা শিখবে কাদের কাছ থেকে। জানতে চাইলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছোটন মিয়া বলেন, ‘তদন্তসাপেক্ষে সঠিক বিচার দাবি করছি। তদন্তে যদি মিথ্যা প্রমাণিত হয় তারও সঠিক বিচার দাবি করি।’

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক সোহেল মিয়া বলেন, ‘যারা বিক্ষোভ ও মানববন্ধন করেছে তারা সকলে বহিরাগত।’