মৌলভীবাজারে অভিভাবকহীন দুই কন্যার বিয়ে দিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে সিলেটের ওসমানীনগরের বর আল আমিনের সঙ্গে কনে শাকিলা ইসলাম ও মৌলভীবাজার সদরের কনকপুরের বর মো. সাব্বিরের সঙ্গে কনে নয়নতারার বিয়ে দেন ডিসি।
নববিবাহিত দুই পরিবারকে নগদ এক লাখ টাকা করে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের প্রচেষ্টায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বেড়ে ওঠা শাকিলা ও নয়নতারা বাল্যকালেই হারিয়ে যান। পরে সিলেট সমাজসেবা পরিচালিত শিশু পরিবারে তারা বড় হন। এরপর বয়স ১৮ হওয়ার পর দুবছর আগে তারা সিলেট থেকে মৌলভীবাজারে আসেন। তখন তাদের বিয়ের আলাপও আসে। এ খবরটি মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে জানানো হলে তিনি অভিভাবক হয়ে বর পক্ষের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিয়ের দিনক্ষণ ধার্য করেন।
জাঁকজমকপূর্ণ এ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান বাবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এর আগে, বুধবার রাতে তাদের গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন প্রমুখ।
এ ব্যাপারে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান দেশ রূপান্তরকে বলেন, একজন বাবা তার কন্যাদের যেভাবে বিয়ে দেন, ঠিক তেমনি এ কন্যাদের বাবা হিসেবে সব নিয়ম-আনুষ্ঠানিকতায় আমি তাদের বিয়ে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীও তাদের প্রতি শুভকামনা জানিয়ে এক লাখ টাকা করে টাকা উপহার দিয়েছেন।