হকি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম দিন দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে এই আসরের অন্যতম তরুণ দল রূপায়ণ সিটি কুমিল্লা। প্রতিপক্ষ আসরের সবচেয়ে অভিজ্ঞ দল মোনার্ক মার্ট পদ্মা। তাদের শক্তিটা দেশি তারকায়। বিদেশি ভালো মানের খেলোয়াড় থাকলেও ঘরের ছেলেদের দিকেই তাকিয়ে তারা। রূপায়ণ সিটি কুমিল্লার চিন্তাটা ভিন্ন। এই দলের ভরসা তারুণ্যে। ২২ বছরের সোহানুর রহমান সবুজকে আইকন হিসেবে নিয়ে এই প্রমাণ রেখেছে দলটি। এছাড়া পদ্মার দেশি অভিজ্ঞদের রুখতে বিদেশি অভিজ্ঞ রক্ষণ আছে দলের। তবুও মোনার্ক পদ্মার অভিজ্ঞতার জবাবে রূপায়ণ সিটি কুমিল্লার মূল শক্তি ওই তারুণ্যে।
মোনার্ক পদ্মায় দেশের হকির সেরা তারকা রাসেল মাহমুদ জিমি আছেন, অধিনায়ক হিসেবে থাকছেন ইমরান হাসান পিন্টু এছাড়া নাঈম উদ্দিনও বেশ অনেক দিনের জাতীয় দলের খেলোয়াড়। সঙ্গে জাতীয় দলের বাইরে চলে যাওয়া কৃষ্ণ কুমারও অভিজ্ঞদের কাতারে পড়েন। এই দলকে সবাই অভিজ্ঞ বললেও অধিনায়ক পিন্টু সমীহ করছেন প্রথম ম্যাচের প্রতিপক্ষ রূপায়ণকেও। দেশ রূপান্তরকে পিন্টু বলেন, ‘এখানে কোনো দলই ছোট না। ওরাও (রূপায়ণ সিটি কুমিল্লা) ভালো দল। আমরা হয়তো একটু অভিজ্ঞতায় এগিয়ে। আমাদের জিমি আছে, নাঈম অনেক বছর জাতীয় দলে খেলেছে, ভারতীয় চিঙ্গেলসানা সিং ও দক্ষিণ কোরিয়ান সি ও হিয়ং আছে অভিজ্ঞ হিসেবে। তো এইদিক থেকে আমরা এগিয়ে। কিন্তু মাঠের খেলায় শুধু এটা দিয়েই ম্যাচ জেতা যায় না। সাফল্যটা খেলার দিনে যে ভালো করবে তাদের ওপর নির্ভর করছে।’
রূপায়ণের অধিনায়ক সবুজ অভিজ্ঞতায় পিছিয়ে থাকাকেই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। পদ্মাকে রুখতে তাদের পরিকল্পনা টেকনিক ও ফিটনেসে। ‘মাঠে নামলে তো কোন দল এগিয়ে বা পিছিয়ে তা বিষয় নয়। ওরা অভিজ্ঞতায় আমাদের চেয়ে এগিয়ে। তাই আমরা টেকনিক্যালি ও ফিটনেসের দিকটায় মনোযোগ দিচ্ছি। আমরা যদি গতি ও ওদের বিপক্ষে যে আলাদা পরিকল্পনা করা হয়েছে ওগুলোতে মনোযোগ দিই তো ভালো হবে। তখন আমরা ওদের অভিজ্ঞতাটা এড়িয়ে নিজেদের পক্ষে ম্যাচ বের করতে পারব।’
সবুজ আরও জানান দেশি খেলোয়াড়ের দিক থেকে একটু পিছিয়ে থাকলেও বিদেশি খেলোয়াড়ে এগিয়ে আছেন তারা। দলের তিন বিদেশি দক্ষিণ কোরিয়ান কিম সুং ইয়োব খেলেছেন ২০১৮ এশিয়ান গেমস, ২০১৩ সুলতান জহুর কাপ, ২০১৬ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি। ইন্দোনেশিয়ান মোহাম্মদ ফাতুর খেলেছেন ২০১৮ এশিয়ান গেমস, ২০২২ এশিয়া কাপ, ২০২২ এএইচএফ কাপ। আর ভারতীয় প্রদীপ মোরে ২০১৬ অলিম্পিকস, ওয়ার্ল্ড হকি লিগ ফাইনাল ২০১৭ ছাড়াও ২০১৬ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে জিতেছেন স্বর্ণ। প্রদীপ গত হকি লিগে ঢাকায় খেলেছেনও। সব মিলিয়ে সবুজের বিশ্বাস বিদেশি শক্তিতে তারা প্রথম ম্যাচে ভালো করবেন, ‘আমরা একেবারে অনভিজ্ঞ নই। লোকাল খেলোয়াড়রা অনেকদিন ধরেই খেলেছি। আমাদের বিদেশি যারা আছেন তারা সবাই বড় পর্যায়ে অনেক দিন খেলেছেন। আর আমরা শুধু এই ম্যাচে নজর দিচ্ছি না। একটা ম্যাচ নিয়ে ভাবলে তো হচ্ছে না। আমরা পুরো টুর্নামেন্টের শুরুর পর্বের ১০টা ম্যাচ নিয়েই পরিকল্পনা করছি।’