যেকোনো পরিস্থিতি মোকাবিলা করবে র‌্যাব : ডিজি

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম. খুরশীদ হোসেন বলেছেন, র‌্যাব যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও দেশের আপদকালীন মুহূর্তে অসহায় মানুষের পাশে থেকে সব ধরনের সহায়তা প্রদান করে আসছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগ মোকাবিলায় কাজ করে যাচ্ছে র‌্যাব ফোর্সেস।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলার দৌলতখান উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এ সব কথা বলেন। র‌্যাব মহাপরিচালক আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে হয়তো রাজনৈতিক সহিংসতা বাড়তে পারে, সেই সঙ্গে সন্ত্রাস জঙ্গিবাদের তৎপরতা আরও বৃদ্ধি পেতে পারে। তবে এসব সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিহত করার জন্য র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত রয়েছে।