সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ বৈধ কি না আদেশ রবিবার

সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা সংক্রান্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ এর ২৯ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (সভা, সমাবেশ, মিছিল এবং আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ) রুলস, ২০০৬ এর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশের জন্য রবিবার ধার্য করেছে।

গত ২০ অক্টোবর বিভিন্ন পেশার চার ব্যক্তির পক্ষে হাইকোর্টে এ রিট আবেদনটি করা হয়। এতে মিছিল-সমাবেশ নিয়ন্ত্রণ ও বন্ধ করা সংক্রান্ত এসব বিধান অসাংবিধানিক ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়। ২৯ ধারার ব্যাখ্যায় রিটকারী আইনজীবী বলেন, জনসাধারণের শান্তি বা নিরাপত্তা রক্ষায় পুলিশ কমিশনার যখনই এবং যতদিনের প্রয়োজন মনে করবেন, লিখিত আদেশের মাধ্যমে কোনো জনসমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। এ বিধান সংবিধানের ৩৭ অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।

শুনানিতে অ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী বলেন, ‘এ বিধানে পুলিশ কমিশনারকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে যাতে সভা-সমাবেশ ঠেকাতে পুলিশের স্বেচ্ছাচারী হওয়ার সম্ভাবনা রয়েছে। সংবিধানের ৩৭ অনুচ্ছেদকে প্রতিষ্ঠিত করতে এটি বাতিল করা জরুরি। কেননা পুলিশ মানুষকে সহযোগিতা করবে।’

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, ‘সমাবেশ করার বিষয়টি কোনো নিরঙ্কুশ অধিকার নয়। কেননা ৩৭ অনুচ্ছেদ অনুযায়ী, জনশৃঙ্খলার স্বার্থে আইন দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে এবং শান্তিপূর্ণভাবে নিরস্ত্র অবস্থায় সমাবেশ করা যাবে। মেট্রোপলিটন এলাকার বাইরে তো আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা প্রয়োগ করা হয়।’