মহাসড়কে মোটরসাইকেল-নসিমন-করিমন বন্ধের সুপারিশ

মহাসড়কে মোটরসাইকেল ও নসিমন-করিমন বন্ধের সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ ছাড়া সড়ক-মহাসড়কে যানজট ও দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সড়ক পরিবহন আইন যথাযথভাবে বাস্তবায়নের সুপারিশ করা হয়। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে ঢাকা শহরের যানজট নিরসনে অবৈধ রাইড শেয়ারিং বন্ধে চালকদের নির্ধারিত পোশাকের ব্যবস্থা চালুর সুপারিশ করে কমিটি। এ ছাড়া বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে মহাসড়কের পাশের স্কুল ও কলেজের সামনে জেব্রা ক্রসিং এবং সিগন্যালের ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়। বিশেষ কিছু কোম্পানি/ঠিকাদারি প্রতিষ্ঠানের বারবার কাজ পাওয়া বন্ধেরও সুপারিশ করে সংসদীয় কমিটি। এ ছাড়াও বৈঠকে আকাশপথের যাত্রীদের যাতায়াতে হয়রানি রোধে ঢাকা বিমানবন্দর সড়ক যানজটমুক্ত অথবা ডাইভারশন রাস্তার ব্যবস্থা রাখার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, সৈয়দ আবু হোসেন, রাবেয়া আলীম এবং মেরিনা জাহান অংশ নেন।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বিআরটিএ ও বিআরটিসির চেয়ারম্যান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালকদ্বয়, ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্র্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।