রাশিয়া দুইদিনে ৩০টিরও বেশি ড্রোন ইউক্রেনে মোতায়েন করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি আরও অভিযোগ করেন, মস্কো দেশটিতে ৪ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র ও ৮ হাজারটি বিমান হামলা চালিয়েছে। খবর বিবিসির।
কিয়েভ থেকে দেওয়া বক্তৃতায় জেলেনস্কি বলেন, এইগুলো দেখে ইরানিয়ান শাহেদ ড্রোন মনে হয়েছে। তিনি মস্কোর আকাশ শক্তি খর্ব করারও আবেদন জানিয়েছেন।
পশ্চিমা কর্মকর্তাদের বিশ্বাস, রাশিয়াকে বিপুল সংখ্যক ড্রোন সরবরাহ করেছে ইরান।
তবে মস্কো ও তেহরান বিষয়টি অস্বীকার করেছে।
বিষয়টি এমন সময়ে উত্থাপিত হয়েছে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রাশিয়ার ড্রোনের আগ্রাসী ব্যবহারকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন।
কানাডা সফরে শীর্ষ মার্কিন কূটনীতিক অভিযোগ করেন, রাশিয়ার কমান্ডাররা ইউক্রেনের বেসামরিক লোকদের হত্যা করতে এবং বিদ্যুৎ, পানি ও তাপের জন্য তারা যেসব অবকাঠামোর উপর নির্ভর করে সেগুলো ধ্বংস করতে এই মাধ্যমটি তারা ব্যবহার করছে।
ব্লিঙ্কেন বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র আমাদের মিত্রদের সঙ্গে ইরানের অস্ত্র প্রতিরোধে কাজ চালিয়ে যাবে।
কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের বেসামরিক অবকাঠামো, বৈদ্যুতিক ও পানি সরবরাহের লাইন লক্ষ্য করে হামলা চালাচ্ছে রুশ সৈন্যরা।
পশ্চিমা দেশগুলো বলছে, ইরান মস্কোতে উন্নত ড্রোন সরবরাহ করছে এবং ইরানের সামরিক বিশেষজ্ঞরা পাইলটদের প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ায় অবস্থান করছে।