বিএনপির সমাবেশে মানুষের জোয়ার উঠেছে : মান্না

সরকারের বাধার পরও সাম্প্রতিক সময়ে বিএনপির সমাবেশগুলোতে মানুষের জোয়ার উঠেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘বিএনপির সমাবেশে মানুষের জোয়ার উঠেছে। আওয়ামী লীগ একটা-দুইটা সমাবেশ করলেই তাদের মন খারাপ হয়ে যাবে। কারণ মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে জেগেছে। আওয়ামী লীগকে ছেড়ে দিয়েছে। মানুষ বিদ্রোহ করেছে।’

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগ বলেছিল, বিএনপি আন্দোলন করতে জানে না।   দেখুন বিএনপির সমাবেশÑ খালি মানুষ আর মানুষ। সরকার লঞ্চ বন্ধ করে দেয়, রেল বন্ধ করে দেয় সবকিছু বন্ধ করে দেয় কিন্তু মানুষের আসা বন্ধ হয় না। একটা অভ্যুত্থানের মতো। মানুষ জেগেছে, সেই তুলনায় সত্য কথা হলো, আমরা জাগিনি।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের পতন এখন দিনের ব্যাপার।’

ইয়ুথ ফোরামের উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসানের সভাপতিত্বে ও সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির নেতা আহসান হাবীব রিঙ্কন, ডিইউজের একাংশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইসমাইল তালুকদার খোকন, আমীর হোসেন বাদশা প্রমুখ।