দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং নানাবিধ সংকটে পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। তিনি বলেন, ‘পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এ নিয়ে দেশের সাধারণ মানুষ উদ্বিগ্ন।’
গতকাল শুক্রবার জুমার নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে নগরীর নিউমার্কেট বায়তুন নূর চত্বরে অনুষ্ঠিত জনসভায় মুফতি ফয়জুল করীম এ কথা বলেন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ, ইসলাম, দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল, বন্ধ মিল কলকারখানা চালু, স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য-মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই জনসভা আয়োজন করা হয়।