গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রলীগের কাউন্সিল (সম্মেলন) উপলক্ষে ক্যাম্পাসে টানানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণকে কেন্দ্র করে সংগঠনের একাংশের নেতারা গতকাল শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ ও মিছিল করেছেন। এ ঘটনায় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করেছে।
ডুয়েট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান তুহিন জানান, গত ৩০ জুন সংগঠনের সম্মেলন হওয়ার কথা ছিল। তখন ক্যাম্পাসে সম্ভাব্য প্রার্থীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর বহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের ছবি সংবলিত পোস্টার, ফেস্টুন, ব্যানার টানিয়েছিল। কিন্তু বন্যার কারণে এ সম্মেলন স্থগিত করা হয়। গতকাল বিকেলে শাখা সভাপতি মো. তাইবুর রহমানের উপস্থিতিতে ডুয়েটের মালীরা ওইসব ব্যানার-পোস্টার-ফেস্টুন ছিঁড়ে ফেলেন। প্রতিবাদে ক্যাম্পাসের ছোট ভাইরা মিছিল করে। তারা সভাপতির বহিষ্কার দাবি করে।
তবে ছাত্রলীগ ডুয়েট শাখার সভাপতি এ প্রসঙ্গে বলেন, ‘স্যারদের নির্দেশেই ব্যানার-পোস্টার-ফেস্টুন অপসারণ করা হয়েছে।’
ডুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, তিন সদস্যের তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।