বিপাকে কমেডি কুইন ভারতী সিং, মাদক মামলার জমা পড়ল আদালতে

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পরই মুম্বাইয়ে মাদক কারবার ঘিরে শোরগোল পড়ে। তদন্তের মুখোমুখি হন বলিউডের একাধিক নামি তারকা। এ মামলায় গ্রেপ্তার করা হয় 'কমেডি কুইন' ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে। পরে তারা জামিন পান। এ ঘটনার দুবছর পর ভারতী ও তার স্বামীর নামে চার্জশিট জমা দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

মুম্বাইয়ের এসপ্ল্যানেড ম্যাজিস্ট্রেট কোর্টে চার্জশিট জমা দেওয়া হয়েছে। শনিবার গণমাধ্যম সূত্রে এই খবর জানা গেছে। ২০২০ সালের ২১ নভেম্বর মুম্বাইয়ের অন্ধেরীর লোখাণ্ডওয়ালায় ভারতীর বাড়িতে অভিযান চালায় এনসিবি। তল্লাশি অভিযানে সে সময় তাদের বাড়ি থেকে ৮৬.৫ গ্রাম মাদক বাজেয়াপ্ত করা হয় বলে দাবি করে তদন্তকারীরা। এ ঘটনায় তাদের গ্রেপ্তারও করা হয়।

তাদের ২০২০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। পরে তারা আদালতে জামিনের আবেদন করেন। তারা জানান, তাদের বাড়ি থেকে খুব সামান্য মাদক পাওয়া গেছে। ওই বছরের ২৩ নভেম্বর জামিনে মুক্ত হন তারা।

জানা গেছে, এনডিপিএস আইনের একাধিক ধারা উল্লেখ করা হয়েছে চার্জশিটে। বর্তমানে আবার কাজ শুরু করেছেন ভারতী। দম্পতির এক পুত্রসন্তানও রয়েছে। ভারতীর সঙ্গে টেলিদুনিয়ায় কাজ করেন হর্ষও। বিভিন্ন রিয়েলিটি শো সঞ্চালনার পাশাপাশি চিত্রনাট্যকার হিসাবেও কাজ করেন ভারতীর স্বামী। দুবছর পর এই মামলায় চার্জশিট জমা পড়ায় ভারতীদের নতুন করে বিড়ম্বনায় পড়তে হলো বলেই মনে করছেন তার ভক্তরা। সূত্র : ইন্ডিয়া টুডে