বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রংপুরে বিএনপির গণসমাবেশে তিনি এ কথা জানান।
রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে সরকার পতনের আন্দোলনে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রংপুরের মাটি ঐতিহ্যবাহী। ফকির বিদ্রোহ, তেভাগা আন্দোলনসহ কৃষক নূরল দীনসহ অসংখ্য মানুষ সংগ্রাম করেছেন। আজকে এই সমাবেশ থেকে সেই জেগে ওঠার সময় এসেছে।
বিএনপির তিন সংসদ সদস্য হারুনুর রশিদ, রুমিন ফারহানা ও জাহেদুর রহমানের নাম উল্লেখ করে তিনি বলেন, দলের নির্দেশে তারা সংসদ থেকে পদত্যাগ করবেন।
তিনি বলেন, আমাদের পার্টি সিদ্ধান্ত দিলে দলীয় সংসদ সদস্যরা যে কোনো মুহূর্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করবেন। তারা প্রস্তুত আছেন পদত্যাগ করার জন্য।
বর্তমান সংসদকে বিলুপ্ত করে আবার নির্বাচনের দাবি জানান ফখরুল।
একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন রবিবার বিকেল সাড়ে ৪টায় শুরু হবে। এ অধিবেশনে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত জানা যায়নি। বিএনপির কোনো সংসদ সদস্যের মন্তব্যও পাওয়া যায়নি।
বর্তমান একাদশ সংসদে সংরক্ষিত নারীসহ সাত জন সংসদ সদস্য রয়েছেন। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল আব্দুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান, বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা।
এর আগে সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, ‘আমরা পদত্যাগপত্র দিয়ে রেখেছি। যেদিন দলীয় সিদ্ধান্ত হবে, সেদিন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করব।’