জলবায়ু সম্মেলনে যাচ্ছেন না সুনাক

জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-২৭-এ এবার ব্রিটেনের নয়া রাজা চার্লস ও নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক যোগ দেবেনÑ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের এই আশা পূরণ হচ্ছে না। কারণ, ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক এবারের সম্মেলনে যাচ্ছেন না বলে জানিয়েছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে মিসরে শুরু হবে এই সম্মেলন। মিসরে তার না যাওয়ার সিদ্ধান্ত জলবায়ু ইস্যুতে যুক্তরাজ্যের নেতৃত্বের ব্যর্থতা তুলে ধরছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গত শুক্রবার ঋষি সুনাক বলেন, ‘জলবায়ু বিষয়ে আমরা যে নেতৃত্ব দেখিয়েছি সারা বিশ্বে তা অতুলনীয়।’ তিনি জানান, কপ-২৭ জলবায়ু সম্মেলনে মিসরে না গিয়ে ‘জরুরি অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোতে’ মনোযোগ দেওয়াই বেশি দরকার। ঋষি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এর (জলবায়ু পরিবর্তন রোধ) প্রতি আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু অর্থনীতি নিয়ে আমাদের জরুরি যে অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো আছে এই মুহূর্তে আমি সেটির দিকে মনোযোগ দেওয়াকেও ঠিক মনে করি।’ প্রধানমন্ত্রী হওয়ার পর তীব্র জ্বালানি সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির জেরে দিশাহীন যুক্তরাজ্যের অর্থনীতিকে স্থিতিশীল করার পাশাপাশি বিভক্ত হয়ে পড়া ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিকে ঐক্যবদ্ধ করার গুরুদায়িত্বও পালন করতে হচ্ছে তাকে।