দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইটাওয়ান এলাকায় হ্যালোইন উৎসবের ভিড়ে পদদলিত হয়ে ১২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী সিউলের ইতায়েওন এলাকায় এ ঘটনা ঘটে।
ইয়োনহাপ সংবাদ সংস্থার বরাতে বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
নিহতের সংখ্যা প্রথমে ৫৯ জনের কথা জানানো হয়েছিল। পরে তা ১২০ জনে পৌঁছেছে বলে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে।
এতে আরো আহত হয়েছেন শতাধিক ব্যক্তি।
প্রেসিডেন্ট ইউন সুক-ইওল দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে ওই এলাকায় পৌঁছানোর নির্দেশ দিয়েছেন।
দুর্ঘটনাস্থলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, রাস্তার ওপর ব্যাগে করে মরদেহ রাখা হয়েছে। জরুরি চিকিৎসাসেবা দিয়ে আহতদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। রাস্তায় পড়ে থাকা মানুষের নিচ থেকে অনেককে বের করার চেষ্টা চলছে।
বিবিসি জানায়, ঘটনাস্থলের কয়েকটি ভিডিওতে রাস্তায় সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। উদ্ধারকারীরা আটকে পড়াদের বের করে নিয়ে আসছেন। রাস্তার পাশেই অজ্ঞান ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রাস্তায় সারি সারি মরদেহ পড়ে থাকতেও দেখা গেছে।
জানা গেছে, এলাকাটিতে হ্যালোইনের আগে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিল। এ ঘটনায় দেশটির সরকারের পক্ষ থেকে নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।