জামালপুরে জিএম কাদের

ক্ষমতা না থাকায় আইন করে রিজার্ভ খরচ করেছে সরকার

রিজার্ভের টাকা খরচ করার কোনো ক্ষমতা না থাকায় বর্তমান সরকার আইন করে তা খরচ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘এই সরকার এক বছরে রিজার্ভের ৪৮ বিলিয়ন ডলারকে কমিয়ে ৩৫ বিলিয়ন ডলারে নামিয়ে নিয়ে এসেছে।’ গতকাল শনিবার জামালপুর পৌর শহরের মির্জা আজম অডিটোরিয়ামে জামালপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

তিনি আরও বলেন, ‘রিজার্ভের টাকা নিয়ে তারা (সরকার) রপ্তানি উন্নয়ন ফান্ড তৈরি করেছে, বিমানকে দিয়েছে, পায়রা সমুদ্রবন্দরকে টাকা দিয়েছে, শ্রীলঙ্কাকে টাকা দিয়েছে। যে টাকা বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হয়েছে সেই টাকাও রিজার্ভে এখনো আছে, দেখানো হচ্ছে।’

জামালপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু প্রমুখ।