‘দেশকে ক্রিমিনাল স্টেটে পরিণত করেছে সরকার’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা দেশটিকে একটি ‘ক্রিমিনাল স্টেটে’ পরিণত করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সরকার পরিচালনা করছেন সেটা হচ্ছে অপরাধীদের সরকার। সরকারের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বক্তব্যে বোঝা যাচ্ছে, কিছুদিনের মধ্যে তিনি বিএনপিতে যোগ দেবেন।’

গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির চলমান বিভাগীয় গণসমাবেশকে ঘিরে পরিবহন ধর্মঘটসহ প্রশাসনিক বিভিন্ন বাধার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘সমাবেশগুলোতে আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন নানারকম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ এসব বাধা পেরিয়ে সমাবেশ সফল করছেন। সমাবেশের আগেই সমাবেশ হয়ে যাচ্ছে। রংপুরের জনসমাবেশে জনতার ঢল নেমেছে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে সমাবেশগুলো পরিণত হচ্ছে উৎসবে।’