ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
রোববার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি আলমগীর জানান, রংপুরের নির্বাচনের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুর দিকে এ নির্বাচন হতে পারে। নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশন বৈঠকে হবে বলে জানান তিনি।
তিনি জানান, নভেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা হবে। আর অন্যান্য নির্বাচনের মতো রসিকেও সিসি ক্যামেরা ব্যবহার করা হবে কিনা সে ব্যাপারে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে সিসি ক্যামেরায় অনিয়ম দেখে ভোট বন্ধ ঘোষণা করে ইসি। এ নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আটকে আছে তদন্ত কমিটির প্রতিবেদনে। কমিটি প্রতিবেদন জমা দিলেও এখনও এ বিষয়ে কিছু জানেন না বলে জানান ইসি আলমগীর।